দুই দাবিতে রাবির শিক্ষার্থীদের মানববন্ধন

রাবি সংবাদদাতা, আরটিভ নিউজ 

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ০৮:০৮ পিএম


দুই দাবিতে রাবির শিক্ষার্থীদের মানববন্ধন
ছবি : আরটিভি

এইচএসসি পরীক্ষা স্থগিত ও বন্যাদুর্গতদের সঠিক ত্রাণ বিতরণের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের বাম-সংগঠনগুলোর নেতা-কর্মীরা।  

মঙ্গলবার (১৪ জুলাই) বিকাল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিসরোডে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।  

মানববন্ধনে বক্তারা দেশের বিভিন্ন জেলায় চলমান বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা স্থগিত ও বন্যায় আক্রান্তদের সঠিকভাবে ত্রানসামগ্রী বিতরনের দাবি জানান। 

মানববন্ধন বক্তারা বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা এবং বান্দরবান, চট্টগ্রামসহ দেশের সব বন্যাকবলিত এলাকায় রাষ্ট্রীয় উদ্যোগে পর্যাপ্ত ত্রাণ ও জরুরি সহায়তা নিশ্চিত করার দাবি জানান। 

এসময় ছাত্র ইউনিয়নের কোষাধ্যক্ষ কায়সার আহমেদ বলেন, বন্যার কারণে অনেক পরীক্ষার্থী প্রবেশপত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রসহ দুর্ভোগে পড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন অসংখ্য শিক্ষার্থীর চিত্র দেখা গেলেও কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না।

আরও পড়ুন

তিনি বলেন, বন্যাকবলিত এলাকায় গিয়ে শিক্ষার্থীদের বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত। কিন্তু এখন পর্যন্ত পরীক্ষা স্থগিতের বিষয়ে সরকার বা শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে কোনো স্পষ্ট ঘোষণা আসেনি। আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে দ্রুত পরীক্ষা-সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার দাবি জানাচ্ছি। অন্যথায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বর্তমান শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তুলব।

বামসংগঠনগুলোর জোট গনতান্ত্রিক ছাত্রজোটের মুখপাত্র ও শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, রাষ্ট্রক্ষমতায় এক বছর পূর্ণ হলেও জনগণ এখনও অধিকারবঞ্চিত। বন্যাকবলিত মানুষ ত্রাণ ও নিরাপত্তা পাওয়ার পরিবর্তে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। জনগণের বন্ধু হওয়ার বদলে ক্ষমতাসীনরা জনগণের দুর্ভোগের প্রতি উদাসীন আচরণ করছে। 
 
তিনি বলেন, গত এক সপ্তাহ ধরে দক্ষিণবঙ্গসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রতি বছর ভারী বৃষ্টিতে দেশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়াকে স্বাভাবিক ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। নদী যথাযথভাবে ড্রেজিং না করা এবং শহরাঞ্চলে ত্রুটিপূর্ণ পয়নিষ্কাশন ব্যবস্থার কারণেই এ দুর্ভোগ আরও তীব্র হয়েছে।

এছাড়াও সমাবেশে অন্যান্যদের মধ্যে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ রাবি শাখার সাধারণ সম্পাদক শামীন ত্রিপুরার সঞ্চালনায় ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম সরকার, চারুকলা অনুষদের শিক্ষার্থী আল আশরাফ রাফি, নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহিন শিকদার ও নাট্যকলা বিভাগের শিক্ষার্থী সাদেক রহমান বক্তব্য দেন।

আরটিভি/ এসকেডি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission